Thursday, February 4, 2016

ভালোবাসা দিবসে ‘আদর আদর ভালোবাসা’

 
শফিক তুহিন-টিনা মোস্তারীভালোবাসা দিব​স উপলক্ষে শফিক তুহিনের সুরে আসছে নতুন প্রজন্মের গায়িকা টিনা ​মোস্তারীর নতুন একক গানের অ্যালবাম। নাম ‘আদর আদর ভালোবাসা’। আটটি গান থাকছে এই অ্যালবামে।

প্রায় এক যুগ আগে গীতিকার হিসেবে সংগীতাঙ্গনে যাত্রা শুরু হয় শফিক তুহিনের। এখন তিনি গান গাইছেন এবং গানের সুর-সংগীত পরিচালনার কাজও করছেন। অন্যদিকে টিনা মোস্তারী এ প্রজন্মের শিল্পী। ২০১৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক ‘আজ কি বৃষ্টি হবে’।

‘আদর আদর ভালোবাসা’ অ্যালবামের সবগুলো গানের সুর করেছেন শফিক তুহিন। সংগীতায়োজন করেছেন জেকে মজলিস ও রাফি। গান লিখেছেন জুলফিকার রাসেল, শফিক তুহিন, সোমেশ্বর অলি এবং আবু সায়েম।

শফিক তুহিন বলেন, ‘এই অ্যালবামের সবগুলো গানই নিটোল প্রেমের। গানের কথা-সুর-গায়কিতে ফুটেছে প্রেম-বেদনার বিমূর্ত কিছু ছবি। আমার সহশিল্পী টিনা মোস্তারী বেশ ভালো গেয়েছে। আশা করছি ভালোবাসা দিবসে আমাদের এই উপহার শ্রোতাদের ভালো লাগবে।’
শফিক তুহিন-টিনা মোস্তারীটিনা মোস্তারী বলেন, ‘গানগুলো বেশ মিষ্টি, রোমান্টিক। সব মিলিয়ে বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে অসাধারণ কিছু গান হয়েছে অ্যালবামে। ’

‘আদর আদর ভালোবাসা’ অ্যালবামটি শিগগিরই প্রকাশ পাচ্ছে সাউন্ডটেক এর ব্যানারে।

জাতীয় হ্যাকাথনের নিবন্ধন চলছে

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে আগামী মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ‘জাতীয় হ্যাকাথন ২০১৬’। প্রোগ্রামার ও অ্যাপ নির্মাতাদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি।
এবারের হ্যাকাথনে উন্নয়নের ধারা পাকাপোক্ত করে এমন ১০টি বিষয় সামনে রেখে প্রতিযোগীদের লড়তে হবে। বিষয়গুলোর মধ্যে আছে কৃষি উৎপাদন, নবজাতক ও শিশু, সড়ক দুর্ঘটনা, শিক্ষায় মানসম্মত শিক্ষক, নারীর বিরুদ্ধে সহিংসতা, জ্বালানি সক্ষমতা, নগরের পরিবেশ, টেকসই পর্যটন, সামুদ্রিক সম্পদ এবং দুর্নীতি। এই বিষয়গুলোর যে প্রতিবন্ধকতাগুলো আছে, প্রযুক্তির মাধ্যমে কীভাবে তার সমাধান করা যায় প্রতিযোগীদের তা-ই খুঁজে বের করতে হবে।
হ্যাকাথনে অংশগ্রহণকারীরা একটানা ৩৬ ঘণ্টা প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করবেন। বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের পক্ষে অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে নিবন্ধনের জন্য দুই থেকে ছয় সদস্যের দল গঠন করতে হবে।
আগ্রহীদের নিবন্ধনের জন্য ঢুঁ মারতে হবে এই ঠিকানায়: http://hackathon.ictd.gov.bd।